29/09/2026
আয়কর রিটার্নে বিশেষ করছাড় (ইন্সেটিভ) পেতে সময় মাত্র ১ দিন! ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির আবেদন!
ব্যক্তি শ্রেণির বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়ে বিশেষ করছাড় পাওয়ার সময় আছে আগামীকাল ৩০ সেপ্টেম্বর বা বুধবার পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ডের প্রকাশিত আয়কর নির্দেশিকার দেখানো উদাহরণ মতে এর মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের উপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা করছাড় পাওয়ার কথা কিন্তু কার্যত অনলাইন রিটার্ন দাখিল কালে দেখা যায় এনবিআরের সিস্টেমে এই করছাড় অনেকেই পাচ্ছেন না। যদিও আয়কর নির্দেশিকার উদাহরণ অনুযায়ী প্রদেয় করের উপর এই ইনসেন্টিভ পাওয়ার কথা কিন্তু সিস্টেমে বছরের মোট করের উপর এই করছাড় হিসাব করা হচ্ছে না। অর্থাৎ যারা ইতিমধ্যে বিভিন্ন উৎসে কর পরিশোধ করেছেন, যেমন সঞ্চয়পত্রের মুনাফা তোলার সময় যে অগ্রিম 'কর কেটে রাখা হয়েছে; ব্যাংক থেকে এফডিআরের মুনাফা তোলার সময় যে উৎসে কর কেটে রাখা রয়েছে-এমন করের ওপর করছাড় মিলছে না। এমনকি বেতন-ভাতার ওপর প্রতি মাসে যে অগ্রিম কর দিয়ে এসেছেন, তাতেও এই ইন্সেটিভ বা করছাড় পাওয়া যাচ্ছে না।
এনবিআরের অনলাইন সিস্টেমে শুধু রিটার্ন জমার সময় প্রদেয় করের ( ব্যালেন্স) ওপর করছাড় মিলছে, যা অত্যন্ত নগন্ন! এতে যে সকল সম্মানিত করদাতা নিয়ম মেনে সারা বছরজুড়ে কর দিলেন, তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে মনে করি। যার আয়কর বাকি আছে তিনি মোট প্রদেয় করের উপর ৫℅ অথবা ২৫০০০ টাকা ( যেটি কম) ইনসেন্টিভ পাচ্ছেন, অথচ যিনি নিয়ম মেনে সারা বছর অগ্রিম কর বা উৎসে কর পরিশোধ করেছেন তিনি কোন ইন্সেটিভ পাচ্ছেন না!
উদাহরণ স্বরুপ যেমন দুইজন কর দাতার প্রদেয় করের পরিমাণ ৫০০০০ টাকা। একজন সারা বছর বিভিন্ন উৎসে অগ্রিম কর প্রদান করেছেন ৪০০০০ এবং বাকি যে ১০০০০ টাকা প্রদেয় আছে তিনি সেটার উপর ৫% হারে অর্থাৎ ৫০০ টাকা ইনসেন্টিভ পাবেন। আর অন্যজন যিনি কোন অগ্রিম কর পরিশোধ করেননি তিনি পুরো প্রদেয় ৫০০০০ টাকার ৫% বা ২৫০০ টাকা ইনসেন্টিভ পাবেন! অর্থাৎ যিনি অগ্রিম কর দিয়েছেন তিনি মারাত্মক অপরাধ করেছেন! কি সব পাগলামি নিয়ম!
তাছাড়া যদিও ১লা জুলাই থেকে অনলাইন রিটার্ন দাখিলের সময় শুরু হয়েছে। কিন্তু আয়কর পরিপত্র ও আয়কর নির্দেশিকা প্রকাশিত হয়েছে আগস্টের শেষ দিকে। উপরন্তু অনলাইন রিটার্ন দাখিলের জন্য এনবিআরের সিস্টেম সচল হতেও জুলাই মাস চলে যায়। অধিকন্তু, আজ সারাদিন এনবিআরের সিস্টেম স্লো থাকার কারণে অনেক করদাতা অনলাইন রিটার্ন দাখিল করতে পারেননি।
তাই অনেক সম্মানিত কর দাতা ৩০ সেপ্টেম্বর এর মধ্যে রিটার্ন দাখিল করতে না পারার কারণে ইন্সেটিভ পাওয়া থেকে বঞ্চিত হবেন।
একজন সাধারণ করদাতা হিসেবে বিগত ৩২ বছর নিয়মিত রিটার্ন দাখিল ও সামান্য হলেও কর পরিশোধ করে আসছি। সেই দাবি নিয়ে এবং একজন আইনজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড ও মাননীয় অর্থ মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক বিনীতভাবে আবেদন করছি, বিশেষ কর ছাড় বা ইন্সেটিভ ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর করা হোক এবং ব্যালেন্স করের উপর হিসেব না করে মোট প্রদেয় করের উপর ইন্সেটিভ বিবেচনা করা হোক। তা না হলে আগামিতে অগ্রিম কর দেয়া কমে যাবে। যারা এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন তাদের ইন্সেটিভ আগামী বছর সমন্বয় করা হোক।
তাছাড়া সঞ্চয় পত্রের মুনাফার উপর উৎসে কর্তনকৃত কর চুড়ান্ত হিসেবে বিবেচনা না করার জন্য এবার অনেক করদাতা, বিশেষ করে যাদের উচ্চ স্ল্যাবে কর হিসেবে করা হয় তাদের করের পরিমাণ তুলনামূলক ভাবে অনেক বেশি আসছে। এতে করে করদাতাদের মধ্যে অসন্তোষ প্রকাশ পাচ্ছে। একজন চাকরিজীবী সম্মানিত করদাতা যিনি বিগত অর্থ বছরে বেতন খাতে আয়কর দিয়েছেন প্রায় ৪০ লক্ষ টাকা, আক্ষেপ করে বলেছেন, এত টাকা আয়কর দিয়ে কি পাচ্ছি? একটা সামান্য ট্যাক্স কার্ডও যদি সরকার বা এনবিআর দিত, যা দিয়ে বিমান, ট্রেনে বিশেষ অগ্রাধিকার কিংবা সরকারি কোন আচার অনুষ্ঠান এ দাওয়াত পত্র কিংবা অন্য বিশেষ কোন সম্মাননা পাওয়ার ব্যবস্থা থাকতো, কিছুইতো নাই! আছে শুধু সারাক্ষন অডিটের ভয়!
তাছাড়া মূলধনী লাভের উপর কর গননা বা হিসাব পদ্ধতির আকস্মিক নিয়মের জন্যও অনেক সম্মানিত কর দাতা অতিরিক্ত করের চাপে আছেন। যে কোন পরিগননা আকষ্মিক ভাবে চাপিয়ে না দিয়ে সময় নিয়ে পরবর্তী বছর বা ২ বছর পর কার্যকর করলে কর দাতাদের কর ব্যবস্থাপনায় সুবিধা হয়।
আর একটি বিষয় অত্যন্ত পীড়াদায়ক, পরিশ্রম করে টাকা আয় করে সেই টাকার উপর আয়কর দিয়ে কিছু সম্পদ কেনার পর সম্পদের পরিমান ৪ কোটি টাকা পার হলে প্রতি বছর অতিরিক্ত সারচার্জ গুনতে হচ্ছে! এই ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত বলে মনে করি।
#জাতীয়_রাজস্ব_বোর্ড
#অর্থমন্ত্রী
#প্রধানমন্ত্রী
#আয়কর
ীবী