29/10/2026
পাঠকের কলাম
মাসিক পৃথিবী নভেম্বর ২০২৬ সংখ্যা হাতে এলো। এক বসায় পড়ে শেষ করলাম। বরাবরের মতো এবারের সংখ্যাটিও চমৎকার। মোট আটটি শিরোনামে এবারের সংখ্যাটি ছাপা হয়েছে। যুগোপযোগী প্রবন্ধটি লিখেছেন লেখক, গবেষক ও প্রথিতযশা বুদ্ধিজীবী জনাব আবুল আসাদ। ‘প্রথম সংবিধান সংস্কার ও বাচ্চাদের বিশ্বাসের ঘরে বাপদের ডাকাতি’ শিরোনামে সংবিধান প্রণয়ন, তড়িঘড়ি করে পাশ, সাথে ১৯৭০ সালের নির্বাচনের আগের প্রতিশ্রুতি এবং পরে তার থেকে সরে এসে নতুন চার মূলনীতি যোগ করা এসব বিষয়ে বলতে গেলে তিনি শেখড় ধরে টান দিয়েছেন। যে সংবিধান সংস্কারের দাবিতে ২৪ এর গণঅভ্যুত্থান হল, সেই দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে বর্তমান শাসকগোষ্ঠী প্রতারণার আশ্রয় নিচ্ছেন তা বলতে গেলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
সম্পাদকীয়ও প্রশংসার দাবি রাখে। নারী ও শিশু নির্যাতন, যৌন-নিপীড়ন, ধর্ষণ এসব বিষয়ে সময়োপযোগী আলোচনা ও সমাধান পেশ করেছেন।
দারসূল কোরআনে সূরা ইনফিতরের শেষ ৭ আয়াতের তাফসীরে কিয়ামতের যে আলোচনা এসেছে তা গত সংখ্যার প্রথম অংশের আলোচনারই ধারাবাহিকতা ও পরিসমাপ্তি। প্রফেসর শায়খ ডঃ আব্দুস সামাদ এ ব্যাপারে কেয়ামতের এক হৃদয়গ্রাহী বর্ণনা তুলে ধরেছেন যা পাঠকের অবচেতন মনেও প্রভাব ফেলতে বাধ্য।
ইসলামের ইতিহাসে ইহুদিদের চিরাচরিত যে বিশ্বাস-ঘাতকতা তার ড. মোঃ সামিউল হক ফারুকী— ‘নবী সা. এর সময় ইহুদিদের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা’ শিরোনামে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। যে আয়নায় ইহুদিদের বর্তমান চরিত্র প্রতিফলিত হয়েছে।
ড. মুহা. রফিকুল ইসলাম আরেকটি জীবন ঘনিষ্ঠ প্রবন্ধ উপস্থাপন করেছেন- যা আধুনিক তথাকথিত সভ্যতা ও প্রযুক্তির যুগেও মারাত্মক আকার ধারণ করেছে তা হচ্ছে বিষন্নতা। সেই বিষণ্নতার কারণ ও প্রশান্তি লাভে ইসলামের দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এ প্রবন্ধটিকে।
ইসলামের মত প্রকাশের স্বাধীনতা এই শিরোনামে আরেকটি প্রবন্ধ লিখেছেন ড. মুহাম্মদ শাহিদুল ইসলাম। মাসুম রহমান খলিলী লিখেছেন ‘প্যাক্স জুদায়কা: ট্রাম পরবর্তী নিউ রাইট ও জো স্টেট’: বাংলাদেশের পূর্ব সীমান্তের নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ।’ লেখাটি শুধু চমৎকারই নয়, ভূরাজনীতির নারী-নক্ষত্র তুলে ধরা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে যা প্রতিটি দেশ প্রেমিক নাগরীককেই ভাবিয়ে তোলে।
পরিশেষে পাঠকদের জন্য নিয়মিত প্রশ্নোত্তর ও বই পরিচিতি বা বুক রিভিউ দিয়ে শেষ করা হয়েছে। সংখ্যাটি শুধু সংগ্রহে রাখার মতই নয় বরং বারবার পড়ার মত। মাসিক পৃথিবীর কর্তৃপক্ষের কাছে এরকম গুরুত্বপূর্ণ লেখা সম্বলিত পরবর্তী সংখ্যা আশা করছি।
আবু সুমাইয়া
কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০