29/09/2026
প্রশ্ন: পণ্য ঘোষণা কী? পণ্য ঘোষণা দাখিলের পদ্ধতি, প্রয়োজনীয় তথ্য, দায়িত্ব, নিবন্ধন, সময়সীমা এবং ঘোষণা প্রতিস্থাপন/সংশোধন/বাতিল সম্পর্কে আলোচনা করুন।*
উত্তর:
কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৮১ অনুযায়ী, আমদানিকারক বা রপ্তানিকারককে বোর্ড নির্ধারিত পদ্ধতি ও ফরমে কাস্টমস কম্পিউটার সিস্টেমের মাধ্যমে পণ্য ঘোষণা দাখিল করতে হয়। ইলেকট্রনিক ব্যবস্থা না থাকলে নির্ধারিত পদ্ধতিতে ম্যানুয়ালি ঘোষণা দাখিল করা যায়।
পণ্য ঘোষণায় সাধারণত নিম্নোক্ত তথ্য থাকতে হয়—
১. পণ্যের জন্য প্রযোজ্য কাস্টমস কার্যপদ্ধতি (Customs Procedure);
২. পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস (Classification);
৩. উৎপত্তির দেশ (Country of Origin);
৪. কাস্টমস মূল্য (Customs Value);
৫. পণ্যের পরিমাণ ও যথাযথ বিবরণ;
৬. বোর্ড নির্ধারিত অন্যান্য তথ্য।
আমদানিকারককে সঠিক শুল্কায়ন ও পণ্য ছাড়করণের জন্য প্রয়োজনীয় দলিল ও তথ্যও দাখিল করতে হয়।
আমদানিকারক/রপ্তানিকারকের দায়িত্ব
ধারা ৮২ অনুযায়ী ঘোষণাকারী ব্যক্তি বা যার পক্ষে ঘোষণা করা হয়েছে তিনি—
• ঘোষণার তথ্যের যথার্থতা ও পূর্ণতার জন্য দায়ী;
• দাখিলকৃত দলিলের সত্যতার জন্য দায়ী;
• প্রযোজ্য শুল্ক, কর ও অন্যান্য অর্থ পরিশোধের জন্য দায়ী;
• কাস্টমস কর্মকর্তার চাহিদামতো তথ্য, দলিল ও সহযোগিতা প্রদান করবেন।
এজেন্টের মাধ্যমে ঘোষণা দাখিল করা হলে এজেন্টও নির্দিষ্ট দায়িত্বের জন্য দায়ী থাকবেন।
নিবন্ধন
ধারা ৮৩ অনুযায়ী ইলেকট্রনিক ঘোষণা দাখিলের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়। ম্যানুয়াল ঘোষণা হলে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে যথাযথ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নিবন্ধন করবেন।
ঘোষণার সময়সীমা
ধারা ৮৪ অনুযায়ী, কাস্টমস স্টেশনে পণ্য খালাসের পর আমদানিকারককে সাধারণত ৫ কার্যদিবসের মধ্যে পণ্য ঘোষণা দাখিল করতে হয়।
তবে কোনো আমদানিকৃত পণ্যবাহী যান ঘোষণা দাখিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাংলাদেশে আসবে বলে প্রত্যাশিত হলে আগেই ঘোষণা দাখিল করা যায়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না এলে সেই ঘোষণা দাখিল করা হয়নি বলে গণ্য হবে।
ঘোষণা প্রতিস্থাপন
ধারা ৮৫ অনুযায়ী, আমদানিকারক লিখিতভাবে আবেদন করে একটি কাস্টমস কার্যপদ্ধতির অধীনে দাখিলকৃত ঘোষণা অন্য কার্যপদ্ধতির ঘোষণায় প্রতিস্থাপনের অনুমতি চাইতে পারেন। বৈধ কারণ এবং প্রতারণার উদ্দেশ্য না থাকলে কমিশনার অনুমতি দিতে পারেন।
ঘোষণা সংশোধন ও বাতিল
ধারা ৮৬ অনুযায়ী মূল দলিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে লিখিত আবেদনের ভিত্তিতে ঘোষণার তথ্য সংশোধন করা যায়।
তবে সাধারণভাবে সংশোধন করা যায় না যদি—
• পণ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়ে থাকে;
• কর্মকর্তা ঘোষণার তথ্য ভুল বলে প্রতিষ্ঠা করেন; অথবা
• পণ্য ছাড় হয়ে যায়।
যথার্থতা প্রতিষ্ঠিত হলে কমিশনার বা অনুমোদিত কর্মকর্তা যুক্তিসংগত কারণ লিখে ঘোষণা বাতিলের অনুমতি দিতে পারেন।