29/09/2026
এ সময়ে এসে সুখের সংজ্ঞাটাও কেমন যেন ছোট হয়ে গেছে।
এখন সুখ মানে প্রিয় মানুষ গুলো ভালো থাকা, একা বসে এক কাপ কফি খাওয়া, আপন মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটানো। কোনো সন্ধ্যায় কোথাও যাওয়ার তাড়া নেই, ফোনের ওপাশে প্রিয় মানুষটির কণ্ঠ আছে, শরীরটা ভালো আছে, যাদের ভালোবাসি তারা বেঁচে আছে। আর রাতে বিছানায় যাওয়ার আগে মনে হচ্ছে আজ ইচ্ছে করে কাউকে কষ্ট দিইনি, কারও চোখের জলের কারণ হইনি।এইটুকুই অনেক।
একসময় মনে হতো, সুখ বুঝি খুব বড় কোনো অর্জন। কাজের সাফল্য থাকবে, অর্থের নিশ্চয়তা থাকবে, সব সম্পর্ক নিরাপদ থাকবে, জীবন নিজের মতো করে সাজানো থাকবে,কিন্তু সেটা আসেনি। হয়তো আসার কথাও ছিল না।
কারণ জীবন কখনো একসঙ্গে সবকিছু ঠিক করে দেয় না। একটা জায়গা পূর্ণ হলে অন্য কোথাও একটু শূন্যতা থেকে যায়। কোনো সময় কাজের ব্যস্ততা বাড়ে, নিজের জন্য সময় কমে যায়। কোনো সময় শান্তি আসে, আবার পুরোনো কোনো দুঃখ নিঃশব্দে দরজায় কড়া নাড়ে। কিছু মানুষ খুব কাছে থেকেও দূরে চলে যায়, আবার কেউ কেউ দূরে থেকেও মনের ভেতর থেকে যায়।
এইসব বুঝতে বুঝতেই বোধহয় সুখের সংজ্ঞা বদলে যায়।
এখন আর সবকিছুর উত্তর সঙ্গে সঙ্গে চাই না। প্রতিটি সম্পর্কের ব্যাখ্যা, প্রতিটি প্রশ্নের সমাধান, ভবিষ্যতের পুরো নকশা সবকিছু এখনই জানতে হবে, এই তাড়াটাও কমে গেছে।
কিছু প্রশ্নের উত্তর সময়ের কাছে রেখে দিতে হয়।কিছু দুঃখকে সঙ্গে নিয়েই হাঁটতে হয়।
কিছু মানুষকে ভালোবাসতে হয় কোনো দাবি ছাড়াই।
কিছু মানুষকে ভালোবেসেও দূরত্ব রাখতে হয় নিজেকে বাঁচানোর জন্য।
এই বয়সে এসে নিজের ভুলগুলোও একটু একটু করে চোখে পড়ে। এখন আর নিজেকে সবসময় নির্দোষ প্রমাণ করার ইচ্ছে হয় না। ভুল করলে বলতে চাই ভুল করেছি। জানি না হলে বলতে চাই জানি না। ভালোবাসলে বলতে চাই ভালোবাসি। আর কষ্ট পেলে লুকিয়ে না রেখে বলতে চাই আমি কষ্ট পেয়েছি।
মানুষকে বিচার করার আগ্রহও কমেছে। বুঝেছি, প্রত্যেক মানুষই এমন একটা গল্প বয়ে বেড়ায়, যার পুরোটা আমি জানি না। তবে কাউকে বোঝার চেষ্টা করা আর নিজের শান্তি বিসর্জন দেওয়া এক নয়। ভালোবাসা যায়, আবার সীমারেখাও রাখা যায়। ক্ষমা করা যায়, আবার দূরত্বও বেছে নেওয়া যায়।
সব সম্পর্ক সারাজীবন টিকে থাকবে এমন কোনো প্রতিশ্রুতি নিয়ে মানুষ আমাদের জীবনে আসে না। কেউ আসে ভালোবাসতে শেখাতে, কেউ আসে নিজেকে চিনতে শেখাতে, কেউ আবার চলে গিয়েও শিখিয়ে যায় এখন বড় কোনো প্রাপ্তির তালিকা চাই না।
জীবনকে নিখুঁতও করতে চাই না।শুধু একটু মন দিয়ে বাঁচতে চাই।আপন মানুষগুলোকে তাদের প্রাপ্য ভালোবাসাটুকু দিতে চাই।নিজের জন্য একটু নীরবতা রাখতে চাই।
অকারণে কাউকে কষ্ট না দিয়ে, অপ্রয়োজনীয় সম্পর্কের ভার না টেনে, যতটুকু জীবন হাতে আছে সেটুকু একটু শান্তিতে কাটাতে চাই।
শেষ পর্যন্ত বুঝেছি সুখ খুব বড় কোনো ঘটনা নয়।
সুখ আসলে প্রতিদিনের ছোট ছোট ভালো থাকার মুহূর্তগুলোকে চিনতে শেখা।