17/04/2026
সার্টিফিকেট মামলা
সরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দাবী আদায়ের জন্য PDR Act, 1913 এর বিধান অনুযায়ী যে মামলা দায়ের করা হয় তাকে সার্টিফিকেট মামলা বলা হয়। তবে শুধুমাত্র ভূমি উন্নয়ন কর তথা ভূমির খাজনা আদায়ের জন্য যে সার্টিফিকেট মামলা দায়ের করা হয় তাকে রেন্ট সার্টিফিকেট মামলা বলে।
ভূমির মালিক যথাসময়ে ভূমির খাজনা পরিশোধ না করলে তহশীলদার PDR Act, 1913 এর ধারা ০৪ ও ধারা ০৬ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) এর নিকট রেন্ট সার্টিফিকেট মামলার রিকুইজিশন দাখিল করবেন।
সহকারী কমিশনার (ভূমি) রেন্ট সার্টিফিকেট মামলার রেন্ট অফিসার হিসেবে প্রাপ্ত মামলাটির জনস্বার্থ বিচার করে এই ভূমি উন্নয়ন কর আদায়যোগ্য মনে করলে সে ক্ষেত্রে তিনি তাতে স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করা হলে রেন্ট সার্টিফিকেট মামলাটি চালু হয়েছে বলে গণ্য হবে।
PDR Act, 1913 এর ধারা ০৭ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) নির্দিষ্ট করে দেনাদারের কাছে তার বরাবরে নোটিশ জারি করবেন। নোটিশ প্রাপ্তির মাধ্যমে ভূমির মালিক জানতে পারবেন সরকার তার কাছে টাকা পাওনা আছে। নোটিশ জারির প্রক্রিয়া সম্পর্কে PDR Act, 1913 এর Schedule 02 Rules 02-09 এ বিস্তারিত বলা আছে।
PDR Act, 1913 এর ধারা ০৮ অনুযায়ী ভূমির মালিক দেনাদারের নিকট নোটিশ জারি হওয়ার পর তিনি ঐ সম্পত্তি বিক্রয়, দান বা অন্য কোন ভাবে হস্তান্তর করতে পারবেন না। সার্টিফিকেট মামলাভুক্ত কোন সম্পত্তি কোন ক্রেতা ক্রয় করলে সেই সম্পত্তিতে তার কোন স্বত্ব তৈরী হবে না। সার্টিফিকেটে উল্লিখিত দাবিটিই প্রথম দাবী হিসেবে গৃহীত হবে এবং অন্যান্য সকলের দাবিগুলো স্থগিত থাকবে কেননা ০৭ ধারায় নোটিশ জারির পর মামলাভুক্ত সম্পত্তি ক্রোকের ন্যায় কার্যকর হবে তাই নিলাম ইস্তেহার জারির পূর্বে আর কোন ক্রোকের আদেশ প্রয়োজন হয় না। নোটিশ জারির পরে প্রতারণা করে উক্ত সম্পত্তি বিক্রয় করলে, নিলাম কার্যক্রমে বাঁধা সৃষ্টি করলে কিংবা নিলামী ক্রেতাকে দখল গ্রহণে বাধা সৃষ্টি করলে তিনি গ্রেফতার হবেন তিনি দণ্ডবিধির ২০৬ ধারায় অপরাধী হবেন।
ভূমির মালিক দেনাদারের করণীয়
PDR Act, 1913 Sec 09
০৭ ধারা অনুযায়ী নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বা নোটিশ না পেলে সার্টিফিকেট কার্যক্রম বাস্তবায়নের ৩০ দিনের মধ্যে নোটিশে উল্লেখিত সম্পূর্ণ বা আংশিক দাবী অস্বীকার করে সার্টিফিকেট অফিসারের নিকট মালিক দেনাদার আপত্তি দাখিল করতে পারবেন। এ মামলায় আপত্তি দাখিল না হলে ধরে নেওয়া হবে ভূমির মালিক দেনাদারের কোন আপত্তি নেই।
PDR Act, 1913 Sec 10
ভূমির মালিক আপত্তি দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) এই আপত্তির বিষয়ে ১০ ধারা অনুযায়ী শুনানি করবেন, প্রয়োজন হলে সাক্ষ্য গ্রহণ করতে পারবেন এবং সেই অনুযায়ী সার্টিফিকেট সংশোধন বা বহাল বা বাতিল করে রায় প্রদান করবেন।
সংক্ষেপে বললে — নোটিশ জারি হওয়ার পর দেনাদার খাজনা না দিলে বা আপত্তি না দিলে বা ১০ ধারা অনুযায়ী আপত্তি শুনানি শেষে মামলাটি পুনরায় বহাল থাকলে সেক্ষেত্রে সার্টিফিকেট অফিসার অর্থাৎ সহকারী কমিশনার (ভূমি) PDR Act, 1913 এর Schedule 02 Rule 46 অনুযায়ী প্রকাশ্য একটি নিলাম ইস্তেহার জারি করবেন। নিলাম বিক্রয়ের মাধ্যমে দেনার টাকা উদ্ধার করা হবে।
Artha Rin Adalat Ain, 2003 Sec 05 (05)
অর্থঋণ আদালত কর্তৃক আদায়যোগ্য ঋণ সরকারি পাওনা হলেও সেটি অর্থঋণ আদালতে বা PDR Act, 1913 এর বিধান অনুযায়ী আদায় করা যাবে। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সর্বোচ্চ ০৫ লক্ষ টাকা দাবী সংবলিত মামলাসমূহ Artha Rin Adalat Ain, 2003 অনুযায়ী দায়ের না করে PDR Act, 1913 এর বিধান অনুযায়ী সার্টিফিকেট মামলা হিসেবেও দায়ের করা যাবে।