02/07/2026
আইনের দুর্গে হামলা নয়: আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতারকে 'অবৈধ' ঘোষণা করে পাকিস্তান সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়
Imran Ahmed Khan Niazi v. The State (Criminal Petition No. 519 of 2023) মামলার বিস্তারিত বিশ্লেষণ
২০২৩ সালের ১১ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় প্রদান করে যা শুধু পাকিস্তানের নয়, বরং আন্তর্জাতিক আইনি মহলেও আলোড়ন সৃষ্টি করে। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন এবং বিচারপতি মুহাম্মদ আলী মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহর সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ স্পষ্ট ঘোষণা দেয় যে, আদালত প্রাঙ্গণ থেকে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা সংবিধানের মৌলিক অধিকার ও বিচার বিভাগের মর্যাদা উভয়ের লঙ্ঘন। বিচারপতি আতহার মিনাল্লাহ রায়ের মূল অংশের সাথে একমত হয়েও নিজস্ব অতিরিক্ত আইনি যুক্তি রেকর্ড করেন। এই রায় আইনের শাসন ও নাগরিকের ন্যায়বিচার লাভের অধিকারকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।
মামলার পটভূমি ও গ্রেফতারি পরোয়ানা:
পাকিস্তানের জাতীয় দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB) তৎকালীন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান আহমেদ খান নিয়াজীর বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট মামলায় তদন্ত শুরু করে। ২০২৩ সালের ১ মে NAB-এর চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারের আশঙ্কা থেকে ইমরান খান আইনি সুরক্ষা পেতে ইসলামাবাদ হাইকোর্টের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন।
৯ মে: আদালত প্রাঙ্গণে নাটকীয় গ্রেফতার:
২০২৩ সালের ৯ মে ছিল ইসলামাবাদ হাইকোর্টের ইতিহাসে এক কালো অধ্যায়। ইমরান খান সেদিন দুটি উদ্দেশ্যে হাইকোর্টে উপস্থিত হন। প্রথমত, তিনি অন্য একটি মামলায় আগাম জামিনের শুনানির জন্য ব্যক্তিগতভাবে হাজির হতে এবং দ্বিতীয়ত, আল-কাদির ট্রাস্ট মামলায় নতুন আগাম জামিন আবেদন দাখিলের জন্য আদালতে আসেন।
তিনি হাইকোর্টের ইনস্টিটিউশন ব্রাঞ্চে আবেদন জমা দেন এবং একটি ডায়েরি নম্বর প্রাপ্ত হন। এরপর নিয়ম অনুযায়ী তাঁর বায়োমেট্রিক ভেরিফিকেশন হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক সেই সময় ঘটে বিপর্যয়। প্রায় ৮০ থেকে ১০০ জন পাকিস্তান রেঞ্জার্সের সদস্য হাইকোর্টের বায়োমেট্রিক রুমের দরজা ও জানালার কাচ ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ইমরান খানকে জোরপূর্বক গ্রেফতার করে। রায়ের ২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে যে, এই সময় বহু আইনজীবী, আদালতের কর্মী এবং পুলিশ সদস্যরা লাঞ্ছিত ও আহত হন। এটি কোনো সাধারণ গ্রেফতার ছিল না; এটি ছিল আইনের দুর্গে সশস্ত্র হামলা।
ইসলামাবাদ হাইকোর্টের প্রাথমিক রায়:
ঘটনার পরপরই ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত হয়ে আদালত বসান। তিনি আইজি পুলিশ ও NAB কর্মকর্তাদের তলব করেন এবং তাদের কাছে ঘটনার ব্যাখ্যা চান। শুনানি শেষে হাইকোর্ট রায় দেয় যে, গ্রেফতারি পরোয়ানাটি বৈধ ছিল, তাই গ্রেফতার নিজে আইনগতভাবে অবৈধ নয় (not per se illegal)। তবে গ্রেফতারের ধরণ ও পদ্ধতি আদালতের মর্যাদা লঙ্ঘন করেছে। এই রায়ে হাইকোর্ট আইজি পুলিশ ও স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে অবমাননার নোটিশ জারি করলেও ইমরান খানের গ্রেফতারকে বহাল রাখে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ইমরান খান সুপ্রিম কোর্টে আপিল করেন।
সুপ্রিম কোর্টের শুনানি: আইনের প্রশ্ন, রাজনীতি নয়:
২০২৩ সালের ১১ মে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হয়। প্রধান বিচারপতি বান্দিয়াল প্রথমেই স্পষ্ট করে দেন যে, এই আদালত গ্রেফতারি পরোয়ানার বৈধতা বা NAB-এর তদন্তের গুণাগুণ নিয়ে আলোচনা করবে না। এখানে শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে—আদালত প্রাঙ্গণ থেকে যেভাবে এই গ্রেফতারি কার্যকর করা হয়েছে, তা আইনসম্মত কি না? এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সিদ্ধান্ত। কারণ সুপ্রিম কোর্ট এখানে রাজনীতি বা মামলার মূল অভিযোগে না গিয়ে সংবিধানের মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতাকে প্রাধান্য দিল।
সুপ্রিম কোর্টের মূল পর্যবেক্ষণসমূহ:
সুপ্রিম কোর্ট তাঁর রায়ে কয়েকটি যুগান্তকারী পর্যবেক্ষণ তুলে ধরেন।
প্রথমত, আদালত বলেন যে, যখন কোনো ব্যক্তি আদালতে আবেদন করেন, ডায়েরি নম্বর গ্রহণ করেন এবং বায়োমেট্রিক প্রক্রিয়ায় অংশ নেন, তখন তিনি কার্যত আদালতের এখতিয়ারে আত্মসমর্পণ করেছেন। এই অবস্থায় তাঁকে গ্রেফতার করা তাঁর ন্যায়বিচার লাভের অধিকারকে প্রাক-খর্ব করে।
দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেন যে, এই গ্রেফতারের মাধ্যমে সংবিধানের অনুচ্ছেদ ৪-এর অধীনে আইনের আশ্রয় লাভের অধিকার, অনুচ্ছেদ ৯-এর অধীনে জীবন ও স্বাধীনতার সুরক্ষা, অনুচ্ছেদ ১০এ-এর অধীনে সুষ্ঠু বিচার ও যথাযথ প্রক্রিয়ার অধিকার এবং অনুচ্ছেদ ১৪-এর অধীনে মানব মর্যাদার অনমনীয়তা লঙ্ঘিত হয়েছে। আদালত বিশেষভাবে উল্লেখ করেন যে, ন্যায়বিচার লাভের অধিকার এখন সংবিধানের ১০এ অনুচ্ছেদের মাধ্যমে আরও সুসংহত হয়েছে এবং এটি অনুচ্ছেদ ৯-এর সম্পূরক ও বিস্তৃত রূপ।
তৃতীয়ত, আদালত কড়া সতর্কবাণী দিয়ে বলেন যে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো আদালত প্রাঙ্গণকে আসামি ধরার শিকারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারে না। যদি এই গ্রেফতারকে বৈধতা দেওয়া হয়, তবে ভবিষ্যতে নির্বাহী বিভাগ আদালতকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ক্ষেত্র বানাবে, যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য চরম বিপজ্জনক।
চূড়ান্ত রায় ও নির্দেশনা:
সুপ্রিম কোর্ট ইসলামাবাদ হাইকোর্টের রায়ের সেই অংশ বাতিল করেন যা গ্রেফতারকে বৈধ ঘোষণা করেছিল। আদালত ঘোষণা করেন যে, ইমরান খানের গ্রেফতার সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। এর পাশাপাশি আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
প্রথমত, ইমরান খানকে পরদিন অর্থাৎ ১২ মে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করা হবে এবং হাইকোর্ট তাঁর মূল জামিন আবেদনের নিষ্পত্তি করবে। দ্বিতীয়ত, পুলিশ কাস্টডিতে (পুলিশ লাইন্স গেস্ট হাউজ) থাকাকালীন সুরক্ষার স্বার্থে তিনি নিজের পছন্দ অনুযায়ী ১০ জন অতিথির সাথে দেখা করতে পারবেন, যা পুলিশের নিরাপত্তা তল্লাশি সাপেক্ষে অনুমোদিত হবে। তৃতীয়ত, এই আদেশ NAB-এর মূল তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না।
সুপ্রিম কোর্টের যুক্তি: নজির ও আইনি ভিত্তি-
সুপ্রিম কোর্ট তাঁর রায়ে পূর্ববর্তী দুইটি গুরুত্বপূর্ণ নজিরের উল্লেখ করেন—Suo motu action (2009 SCMR 780) এবং State Vs. Niaz Mohammad (PLD 1976 Lah 10)।
প্রথম নজিরটিতে সুপ্রিম কোর্ট NAB কর্মকর্তাদের দ্বারা আদালত প্রাঙ্গণ থেকে একজন হিসাবরক্ষককে গ্রেফতারের ঘটনায় অবমাননার কার্যক্রম শুরু করলেও অভিযুক্ত কর্মকর্তারা নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তা ড্রপ করে দেয়। দ্বিতীয় নজিরটিতে লাহোর হাইকোর্ট স্পষ্ট বলেছিল যে, আদালত প্রাঙ্গণ থেকে জামিনপ্রার্থীকে গ্রেফতার করা আদালতের এখতিয়ারে হস্তক্ষেপ এবং বিচার প্রক্রিয়ায় বাধা।
সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেন যে, ঐতিহ্যগতভাবে আদালতগুলো এই ধরনের ঘটনায় শুধু আদালত অবমাননার মাধ্যমে নিজেদের মর্যাদা রক্ষার দিকে মনোযোগ দিত, যা সরাসরি ভুক্তভোগী ব্যক্তির মৌলিক অধিকারের ক্ষতিপূরণ বা প্রতিকার নিশ্চিত করত না। কারণ আদালত অবমাননা হলো সম্পূর্ণ আদালতের নিজস্ব এখতিয়ার। অনেক সময় আদালত অবমাননার রুল জারি হলেও মূল বেআইনি গ্রেফতারি বহাল থেকে যেত। কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্ট এক নতুন যুগান্তকারী সাংবিধানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বলেন যে, আদালতের মর্যাদা রক্ষার চেয়েও নাগরিকের ন্যায়বিচার পাওয়ার মৌলিক অধিকার রক্ষা করা আদালতের বড় সাংবিধানিক দায়িত্ব। তাই আদালত অবমাননার গণ্ডি পেরিয়ে সরাসরি মৌলিক অধিকার লঙ্ঘনের ভিত্তিতে এই গ্রেফতারকে অবৈধ ঘোষণা করা হলো।
রায়ের তাৎপর্য ও সুদূরপ্রসারী প্রভাব:
এই রায়টি কেবল একটি মামলার নিষ্পত্তি নয়; এটি নির্বাহী বিভাগের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিচার বিভাগের এক বলিষ্ঠ সাংবিধানিক অবস্থান। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট আইনি ইতিহাসে একটি শক্তিশালী নজির স্থাপন করেন যে, ভবিষ্যতে আদালত প্রাঙ্গণ থেকে কাউকে এভাবে বলপ্রয়োগ করে গ্রেফতার করা অসম্ভব হবে। সাধারণ নাগরিকরাও জানবে যে, আদালতে গেলে তারা নিরাপদ এবং সেখানে তাদের ন্যায়বিচার লাভের অধিকার সুরক্ষিত। এটি উপমহাদেশের অন্যান্য দেশের বিচার ব্যবস্থার জন্যও একটি শক্তিশালী জুডিশিয়াল রেফারেন্স হিসেবে কাজ করবে।
ইমরান খানের গ্রেফতার ও সুপ্রিম কোর্টের রায় আমাদের এক মহাসত্য স্মরণ করিয়ে দেয় যে, আইনের শাসন যেকোনো রাষ্ট্রের ভিত্তি। পাকিস্তান সুপ্রিম কোর্ট তাঁর রায়ের মাধ্যমে প্রমাণ করেছে যে, রাজনৈতিক চাপ বা নির্বাহীর শক্তি যত বড়ই হোক না কেন, সংবিধান ও নাগরিকের মৌলিক অধিকারই সর্বোচ্চ। এটি শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তির জয়ের গল্প নয়; এটি প্রত্যেক সাধারণ নাগরিকের জয়ের গল্প, যারা আশা করে যে, আদালত তাদের শেষ আশ্রয়স্থল। আইনের দুর্গ অটুট থাকবে, কারণ আদালতের পবিত্রতা ও নাগরিকের অধিকার রক্ষা করাই বিচার বিভাগের সর্বোচ্চ দায়িত্ব।
From মোঃ করমুল্লাহ্
মূল রায়: Imran Ahmed Khan Niazi v. The State (Criminal Petition No. 519 of 2023), Supreme Court of Pakistan (Appellate Jurisdiction)।
My page is a recreation, communicate people & protest human right ,