26/04/2026
সাইবার সুরক্ষা আইন, ২০২৬: মূল বিধানসমূহের বিশ্লেষণ
গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় সংসদে “সাইবার সুরক্ষা বিল, ২০২৬” পাসের মাধ্যমে বাংলাদেশের সাইবার অপরাধ দমন কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এই আইনে বিশেষত ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, অনলাইন হয়রানি এবং কনটেন্ট-ভিত্তিক অপরাধ মোকাবিলায় কঠোর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।
প্রথমত, “কনটেন্ট ক্রিয়েটর” পরিচয়ে অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারকে সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে তদন্ত ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যা দ্রুত বিচার নিশ্চিতে একটি প্রক্রিয়াগত অগ্রগতি।
আইনের ধারা ২৫(১) অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন বা সেক্সটরশনের উদ্দেশ্যে কোনো তথ্য, ভিডিও, চিত্র বা অন্যান্য উপাদান প্রেরণ, প্রকাশ, প্রচার বা প্রচারের হুমকি প্রদানকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর দণ্ড হিসেবে ধারা ২৫(২) অনুযায়ী সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে ভুক্তভোগী যদি নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু হন, তাহলে ধারা ২৫(৩) অনুযায়ী শাস্তি বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিজের বা অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, সাম্প্রদায়িক ঘৃণা ছড়ায় বা এমন কিছু প্রচার করে যা সমাজে বিশৃঙ্খলা ও সহিংসতা তৈরি করতে পারে, তবে তা এই আইনের ২৬(১) ধারাবলে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এই অপরাধের জন্য দোষী ব্যক্তি সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড, অথবা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন।
অন্যদিকে, সাইবার স্পেসে চাঁদা দাবি বা প্রতারণামূলক আর্থিক দাবি ধারা ২২-এর আওতায় অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
প্রযুক্তিগত নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ধারা ৮ অনুযায়ী জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ক্ষতিকর কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা রাখেন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করতে পারেন। তবে ধারা ৮(৩) ও (৪) অনুসারে, এ ধরনের ব্লকিংয়ের ক্ষেত্রে ৩ দিনের মধ্যে ট্রাইব্যুনালের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক এবং স্বচ্ছতার স্বার্থে ব্লককৃত কনটেন্টের তথ্য প্রকাশের বিধান রাখা হয়েছে।
ধারা ৯-এর অধীনে জাতীয় সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং ন্যাশনাল সিকিউরিটি অপারেশন সেন্টারকে রিয়েল-টাইম মনিটরিং ও প্রতিরোধমূলক ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে SOAR, EDR/XDR প্রভৃতি আধুনিক সাইবার সিকিউরিটি টুল ব্যবহারের মাধ্যমে হুমকি শনাক্ত ও প্রতিক্রিয়া জানানো হবে। পাশাপাশি, গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স নেটওয়ার্কে যুক্ত হয়ে আন্তঃসীমান্ত অপরাধ সনাক্তকরণের সক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে (ধারা ৯(৫)(ঙ))।
ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনায় ধারা ১০ ও ১১ অনুযায়ী আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের বিধান রয়েছে, যা অপরাধের উৎস, ব্যবহৃত ডিভাইস এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় দ্রুত শনাক্ত করতে সহায়ক হবে।
এনফোর্সমেন্টের ক্ষেত্রে ধারা ৩৫ একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যেখানে জরুরি পরিস্থিতিতে পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেফতারের ক্ষমতা প্রদান করা হয়েছে, যা আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধি করে, তবে এর অপব্যবহার রোধে বিচারিক নজরদারির প্রয়োজনীয়তা থেকেও যায়।
প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে ধারা ৫ ও ৬ অনুযায়ী জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি গঠন করা হয়েছে, যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদধারী বিশেষজ্ঞ নিয়োগ বাধ্যতামূলক। এই এজেন্সি কেন্দ্রীয়ভাবে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও সমন্বয় করবে।
আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ধারা ৪৮ অনুযায়ী পারস্পরিক সহায়তা আইন, ২০১২ প্রয়োগের মাধ্যমে বিদেশে অবস্থানরত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। একইসঙ্গে ধারা ৪(২) অনুসারে, বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রেও এই আইনের প্রযোজ্যতা নিশ্চিত করা হয়েছে।
সব মিলিয়ে, সাইবার সুরক্ষা আইন, ২০২৬ একটি দ্বিমুখী বাস্তবতা সামনে আনে। একদিকে এটি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে একটি শক্তিশালী কাঠামো প্রদান করে। অন্যদিকে, এর কিছু বিধান, বিশেষ করে কনটেন্ট নিয়ন্ত্রণ ও জরুরি ক্ষমতা প্রয়োগ যথাযথ তদারকি ও স্বচ্ছতা ছাড়া প্রয়োগ করা হলে নাগরিক স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে।
অতএব, এই আইনের প্রকৃত সাফল্য নির্ভর করবে কেবল এর কঠোরতার ওপর নয়, বরং এর প্রয়োগের ন্যায়সংগততা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সর্বোপরি, আইনের শাসনের প্রতি অবিচল অঙ্গীকারের ওপর। ডিজিটাল যুগে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাধীনতার পরিসর অক্ষুণ্ণ রাখা, এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষাই এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সম্পূর্ণ আইন টি দেখুনঃ https://shorturl.at/WREH9