03/12/2025
চেকের মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
অর্থ পরিশোধের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চেক ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃক উক্ত চেক প্রত্যাখ্যাত হলে চেকের মামলা করার কারণ উদ্ভব হয়।
শুধু কারণ উদ্ভব হলেই চলবে না, চেকের মামলা দায়ের করার ক্ষেত্রে The Negotiable Instruments Act, 1881 অনুসারে নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। তা হলোঃ
ক) চেকে উল্লিখিত তারিখের ৬ মাসের মধ্যে চেক ব্যাংকে উপস্থাপন করতে হবে;
খ) অপর্যাপ্ত ব্যালেন্স বা তহবিল কিংবা একাউন্ট ক্লোজড এমন কয়েকটি কারণে চেক প্রত্যাখ্যাত হতে হবে;
গ) চেক প্রত্যাখ্যান বা ডিজঅনার হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চেকদাতাকে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে।
ঘ) লিগ্যাল নোটিশ প্রদানের তারিখ হতে বা লিগ্যাল নোটিশ গৃহীত হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে।
চেকের মামলা দায়ের এবং বিচার প্রক্রিয়াঃ
ক) লিগ্যাল নোটিশ প্রেরণ বা গৃহীত হওয়ার তারিখ হইতে ৩০ দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে বা আমলী আদালতে The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারায় Complaint Registrar (CR) মামলা দায়ের করতে হয়।
খ) মামলা বিচারের জন্য প্রস্তুত হলে সংশ্লিষ্ট আমলী আদালত মামলাটি দায়রা আদালতে প্রেরণ করবেন।
গ) দায়রা আদালত (যুগ্ম জেলা ও দায়রা জজ বা মহানগর যুগ্ম দায়রা জজ আদালত) প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ, আসামীকে পরীক্ষা করা, যুক্তিতর্ক শুনানী ইত্যাদি শেষে মামলার রায় প্রদান করবেন।
চেকের মামলার শাস্তিঃ
The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারার বিধান মোতাবেক আসামীকে ১ বছর পর্যন্ত কারাদণ্ড এবং চেকে উল্লিখিত টাকার ৩ গুণ পর্যন্ত জরিমানা করতে পারবে। এখানে উল্লেখ্য যে, জরিমানার টাকা হতে বাদীকে চেকে উল্লিখিত টাকা নির্ধারিত সময়ের মধ্যে (সাধারণত ৬০ দিনের মধ্যে) পরিশোধের জন্য বিজ্ঞ আদালত আসামীকে নির্দেশ প্রদান করতে পারেন।