18/09/2026
জমি কেনা জীবনের বড় একটি বিনিয়োগ। তাই জমি কেনার আগে সতর্কতা অবলম্বন করুণ।
আজকের আলোচনার বিষয় থাকছে জমি ক্রয় করার আগে যে সকল বিষয় গুলো জানা জরুরী।
জমি ক্রয় করতে চাচ্ছেন কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানা যাচাই না করে জমি কিনলে পরবর্তীতে মামলা, বিরোধ কিংবা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
তাই জমি কেনার আগে অবশ্যই নিচের বিষয়গুলো যাচাই করুন—
★প্রকৃত মালিকানা যাচাই করুন বিক্রেতা সত্যিই জমির বৈধ মালিক কি না এবং তাঁর মালিকানার উৎস কী-তা যাচাই করুন।
★ খতিয়ান যাচাই করুন
SA, RS, BS/সিটি জরিপসহ প্রযোজ্য সর্বশেষ খতিয়ান পরীক্ষা করুন। খতিয়ানের দাগ, জমির পরিমাণ ও মালিকের নাম দলিলের সঙ্গে মিলিয়ে দেখুন।
★ দাগ ও মৌজা নম্বর মিলিয়ে নিন, দলিল, খতিয়ান, মৌজা ম্যাপ এবং বাস্তব জমির দাগ ও সীমানা একই কি না নিশ্চিত করুন।
★বায়া দলিল পরীক্ষা করুন
বর্তমান বিক্রেতা কীভাবে জমির মালিক হয়েছেন, সেই মালিকানার ধারাবাহিকতা পূর্বের দলিলগুলো দেখে যাচাই করুন।
★নামজারি/খারিজ যাচাই করুন বিক্রেতার নামে নামজারি হয়েছে কি না এবং নামজারি খতিয়ানের তথ্য সঠিক কিনা পরীক্ষা করুন।
★ ভূমি উন্নয়ন কর/খাজনা যাচাই করুন।সর্বশেষ দাখিলা দেখুন এবং ভূমি উন্নয়ন কর বকেয়া আছে কি না নিশ্চিত করুন।
★জমি নিয়ে মামলা আছে কি না খোঁজ নিন জমিটি কোনো স্বত্ব, বণ্টন, দখল, নিষেধাজ্ঞা বা অন্য কোনো মামলার সঙ্গে জড়িত কি না যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
★জমি বন্ধক আছে কিনা দেখুন ব্যাংক বা অন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছে জমিটি বন্ধক রাখা হয়েছে কি না যাচাই করুন।
★সরকারি অধিগ্রহণের ঝুঁকি আছে কি না দেখুন
জমিটি কোনো সরকারি প্রকল্প, অধিগ্রহণ বা হুকুমদখলের আওতায় আছে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করুন।
★ সরেজমিনে দখল যাচাই করুন কাগজে জমি থাকা আর বাস্তবে জমির দখল থাকা এক বিষয় নয়। জমিতে গিয়ে সীমানা, দখলদার ও প্রবেশপথ যাচাই করুন।
★জমির শ্রেণি ও ব্যবহার যাচাই করুন জমিটি কোন শ্রেণির এবং আপনি যে উদ্দেশ্যে কিনতে চান সেই উদ্দেশ্যে ব্যবহার করা আইনগতভাবে সম্ভব কি না যাচাই করুন।
★বিক্রয়যোগ্যতা নিশ্চিত করুন ওয়ারিশি জমি, যৌথ মালিকানাধীন জমি বা একাধিক মালিকের জমি হলে প্রত্যেকের বৈধ অধিকার ও সম্মতি যাচাই করুন।
বিশেষ সতর্কতা:
শুধু দলিল আছে, খাজনা দেওয়া আছে বা খতিয়ানে নাম আছে,এগুলো দেখেই জমি নিরাপদ মনে করবেন না।
দলিল + খতিয়ান + নামজারি + বায়া দলিল + দাখিলা + দখল + মামলা + বন্ধক + অধিগ্রহণ—সবকিছু যাচাই করেই জমি ক্রয়ের সিদ্ধান্ত নিন।
আইনি পরামর্শ:
জমি কেনার আগে সংশ্লিষ্ট কাগজপত্র একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যাচাই করানো নিরাপদ। প্রয়োজনীয় যাচাই সম্পন্ন না করে বায়না বা সম্পূর্ণ টাকা পরিশোধ করা থেকে বিরত থাকুন।