21/03/2026
আব্বা নাই আজ ৩য় ঈদ।
আব্বা ছিলেন আমার নাম্বার ওয়ান ফ্রেন্ড। ২০০৫ এর ১৮ ডিসেম্বর মাকে কবরে রেখে গভীর রাতে বাড়ি ফিরে আব্বা যখন তার ঘরে ঢুকলো, আমি আব্বার একাকিত্বকে উপলব্ধি করতে পারলাম!
জীবনে আব্বা-মা কে আলাদা ঘরে থাকতে দেখা আমার মনে পড়ে না। সেই বাবা একা ঘরে কেমনে থাকবে -এই ভাবনা থেকে ৩ বছর রাতের পর রাত বাপ-বেটা বিনিদ্র কাটিয়েছি।
২০০৮ এ আব্বার বিয়ে দেয়ার অনেক দিন বাদে আব্বার অসুস্থতার জন্য ২০২৫ এর ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাপ-বেটা আবার একসাথে বিনিদ্র রাত জেগে গল্প করার সুযোগ হলো।
এক রাতে আব্বা বললেন- ফারুক, মুই একটা স্বপ্ন দেখনু- তুই সিটির মেয়র হছিস; মানুষ তোক বাড়ি আসি ফুল দিবার নাগছে!
শৈশবে ক্যান্টের প্রিন্সিপাল- আনোয়ার হোসেন স্যার একবার আব্বাকে ডেকে বলেছিলেন, আমি নাকি দারুন ভালো কিছু যেমন করতে পারি, আবার ভয়ংকর খারাপ কিছুও ঘটাতে পারি।
৫১ বছরে তেমন কিছু করতে না পারলেও আমি অনেকের অনেক ঋণ স্বীকার করি। কতজন যে আমাকে তাদের বাইসাইকেল, মটর সাইকেল, রিকশা, গাড়িতে আমাকে স্কুলে নিয়ে গেছেন!
আমার জন্মভূমি আমাকে যা দিয়েছে, সেগুলোর প্রতিদান দেয়ার সুযোগ আল্লাহ আমাকে দেবেন কি না -আল্লাহই জানেন। মানুষ হিসেবে আমার দায়িত্ব- সর্বাত্মক চেষ্টা করা। সেই চেষ্টারই অংশ রংপুর সিটির মেয়র নির্বাচন করা। আল্লাহ চাহেন তো আমি জনতার টাকায় জনতার মেয়র নির্বাচন করব।
আজ ঈদগাহে সকল মুসল্লির সাথে বুক মেলাতে পারলে বুকটা আমার ভরে যেত, সেটা পারিনি।
আমার এ অক্ষমতা ক্ষমা করুন!
ভালো থাকুন, ঈদ মোবারক।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকল প্রাণে!