03/07/2025
বাংলাদেশ সরকারের ১ জুলাই ২০২৫ তারিখের গেজেট অনুযায়ী, ৯টি নির্দিষ্ট বিষয়ের উপর এখন থেকে সরাসরি আদালতে মামলা করা যাবে না।
প্রথমে আপনাকে সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসে আবেদন করে মধ্যস্থতার (mediation) মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করতে হবে।
শুধুমাত্র মধ্যস্থতা ব্যর্থ হলে আদালতে মামলা গ্রহণযোগ্য হবে।
সংশোধিত গেজেট অনুযায়ী, নিম্নোক্ত ৯টি আইনি বিষয়ে মামলা দায়েরের আগে বাদীকে অবশ্যই লিগ্যাল এইড অফিসে লিখিত আবেদন করে মধ্যস্থতার প্রক্রিয়ায় অংশ নিতে হবে। এটি পরামর্শমূলক নয় বরং আইনি বাধ্যবাধকতা।
আদালত তখনই মামলা গ্রহণ করবে, যদি মধ্যস্থতা ব্যর্থ হয় এবং সঠিক নথিপত্র দাখিল করা হয়।
১. পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ধারা ৫ এ উল্লিখিত পাঁচটি বিষয়ে এখন মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মামলার পূর্বে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।
২. বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী বিরোধ:
ভাড়াটিয়া ও বাড়িওয়ালার মধ্যে ভাড়ার পরিমাণ, বকেয়া ভাড়া, উচ্ছেদ ইত্যাদি সংক্রান্ত বিরোধ।
৩. সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টন সম্পর্কিত বিরোধ:
যেসব সম্পত্তি বা উত্তরাধিকার সংক্রান্ত মামলার মূল্য সহকারী জজের এখতিয়ারভুক্ত (সাধারণত নির্ধারিত টাকার পরিমাণের নিচে) এমন বণ্টন সংক্রান্ত মামলা (partition suit) আগে লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতা করতে হবে।
৪. State Acquisition & Tenancy Act, 1950 এর Section 96 অনুযায়ী অগ্রক্রয়ের অধিকার সংক্রান্ত বিরোধ:
এই ধারায় অগ্রক্রয় (pre-emption) এর অধিকার নিয়ে জমির মালিকানা ও হস্তান্তরের বিরোধ দেখা যায়।
উদাহরণ: কোনো ব্যক্তি জমি বিক্রি করলে প্রতিবেশী শরীক বা অংশীদার সেই জমি প্রথমে কেনার অধিকার দাবি করতে পারেন।
৫. Non-Agricultural Tenancy Act, 1949 এর Section 24 অনুযায়ী অগ্রক্রয়ের অধিকার সংক্রান্ত বিরোধ:
এটিও জমির অগ্রক্রয় (pre-emption) সংক্রান্ত, তবে এটি অকৃষি (non-agricultural) জমির ক্ষেত্র প্রযোজ্য।
৬. পিতা মাতার ভরণপোষণ আইন-২০১৩ এর ৮ ধারা অনুযায়ী পিতা-মাতার ভরণপোষণ সংক্রান্ত বিরোধ।
৭. Negotiable Instruments Act, 1881 এর Section 138 অনুযায়ী ৫ লক্ষ টাকার কম মূল্যমানের চেক ডিজঅনার সংক্রান্ত অভিযোগ:
কম পরিমাণের চেক (৫ লক্ষ টাকার নিচে) বাউন্স হলে সরাসরি মামলা না করে প্রথমে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।
৮. যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ধারা ৩ ও ৪
অনুযায়ী অভিযোগ:
যৌতুক দাবি ও যৌতুক প্রদান সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে মামলা দায়েরের আগে বাদীকে প্রথমে লিগ্যাল এইড অফিসে গিয়ে আবেদন করতে হবে।
৯. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ১১(গ):
যৌতুকের কারণে শারীরিক জখম বা মানসিক নির্যাতন চালানো হলে, সেই অভিযোগও মধ্যস্থতার আওতায় পড়বে। তবে এটি অত্যন্ত সংবেদনশীল একটি ধারা।
এই নিয়ম শুধু নতুনভাবে দায়েরকৃত মামলার ক্ষেত্রে প্রযোজ্য; পূর্ববর্তী মামলা বা চলমান মামলার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
মামলা পূর্ব মধ্যস্থতার প্রক্রিয়ার কারণে ব্যয়িত সময় মামলা করার ক্ষেত্রে তামাদির সময় গণনা হতে বাদ যাবে।