19/07/2026
মাঝেমাঝে মক্কেলদের চড়া সুরে কথা বলতে শুনলে মনে হয়, আজকাল তারা বুঝি আইনজীবীদের চেয়েও আইন বেশি জানেন! তবে মক্কেলদের এমন ধৃষ্টতা দেখানোর সুযোগ কিন্তু করে দিয়েছেন আমাদেরই কিছু বিজ্ঞ সহকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নামমাত্র সস্তা জনপ্রিয়তার লোভে যাঁরা প্রতিনিয়ত বিনামূল্যে আইনি পরামর্শ বিলিয়ে দিচ্ছেন। ফেসবুকে নিখরচায় আইনি পরামর্শের পসরা সাজিয়ে বসে তাঁরা শুধু নিজেকেই ছোট করছেন না, পুরো আইনজীবী সমাজকে সস্তা বানিয়ে ছাড়ছেন।
কালো কোট আর গাউন গায়ে জড়াতে একটা মানুষকে কত বছরের সাধনা, শ্রম আর কত রাত জাগা ত্যাগ স্বীকার করতে হয়, তা কেবল একজন আইনজীবীই হৃদয়ে ধারণ করেন। অথচ সামান্য কিছু 'ভিউ' কিংবা 'ভাইরাল' হওয়ার মোহে অনেকেই আজ নিজের দীর্ঘদিনের অর্জন ও আত্মত্যাগকে ফেসবুকের দেয়ালে জলাঞ্জলি দিচ্ছেন।
এই যে ভার্চুয়ালি 'ফ্রি' পরামর্শের দোকান খুলে বসেছেন, দিনশেষে কী পাচ্ছেন? হয়তো সামান্য কিছু লাইক-কমেন্ট আর সস্তা পরিচিতি। কিন্তু বাস্তবিকভাবে কোনো মানসম্মত মক্কেল কি পাওয়া যাচ্ছে? আর দু-একজন এলেও, তাঁরা আপনাকে কখনোই প্রাপ্য সম্মান দেবেন না। কারণ, আপনি নিজেই তো নিজের পেশাদারিত্বকে সস্তায় নামিয়ে এনেছেন।
ফেসবুকের তথাকথিত 'ভাইরাল' আইনজীবীদের জন্য রইল গভীর সমবেদনা ও শুভকামনা! 👍