23/02/2026
স্বামী বিদেশে! স্ত্রী দেশে...ডিভোর্স প্রদান করা যাবে!!
হ্যা বিদেশে থেকেও স্ত্রী কে তালাক প্রদান করা যাবে..
তবে বিদেশে থেকে তালাক প্রদান করার নিয়ম টা একটু ভিন্ন... কারন কিছু প্রয়োজনীয় প্রসেডিওর অনুসরণ করতে হবে...
প্রথমে একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে তালাকনামার একটি খসড়া তৈরি করতে হবে। যেহেতু আপনি সশরীরে দেশে এসে কাজী অফিসে সই করতে পারবেন না, তাই আপনার পক্ষ থেকে তালাকের কার্যক্রম সম্পন্ন করার জন্য একজন বিশ্বস্ত প্রতিনিধি বা আইনজীবীকে 'আম-মোক্তারনামা' বা 'পাওয়ার অফ অ্যাটর্নি' (Power of Attorney) প্রদান করতে হবে। এই পাওয়ার অফ অ্যাটর্নির খসড়াটিও আইনজীবী তৈরি করে দেবেন।
আইনজীবীর পাঠানো তালাকনামা এবং পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পর আপনি সেখানে স্বাক্ষর করবেন। এরপর এটি ওই দেশের বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশন থেকে সত্যায়ন (Consular Attestation) করিয়ে নিতে হবে। এটি ছাড়া প্রবাসে করা সই বা দলিলের বাংলাদেশে কোনো আইনি বৈধতা থাকবে না।
সত্যায়িত কাগজগুলো কুরিয়ারের মাধ্যমে দেশে আপনার প্রতিনিধির/আইনজীবির কাছে পাঠানোর পর, তাকে প্রথমেই ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখায় যেতে হবে। তারা দূতাবাসের সীল ও স্বাক্ষর যাচাই করে সেখানে একটি 'কাউন্টার সিগনেচার' প্রদান করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিগনেচার পাওয়ার পর আপনার প্রতিনিধিকে/আইনজীবী সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (DC) অফিসের ট্রেজারি শাখায় যেতে হবে। সেখানে নির্দিষ্ট পরিমাণ সরকারি ফি (স্ট্যাম্প ডিউটি) জমা দিলে তারা কাগজের পেছনে একটি বিশেষ সীল ও তারিখ প্রদান করবে। এর মাধ্যমেই বিদেশে তৈরি করা পাওয়ার অফ অ্যাটর্নিটি বাংলাদেশে পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা লাভ করে।
ডকুমেন্ট বৈধ হওয়ার পর আপনার প্রতিনিধি বা আইনজীবী ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭ ধারা অনুযায়ী তালাকের নোটিশ পাঠাবেন। এই নোটিশটি দুটি স্থানে রেজিস্ট্রি ডাকযোগে পাঠাতে হবে:
* একটি আপনার স্ত্রীর ঠিকানায়।
* অন্যটি স্ত্রীর বর্তমান বা স্থায়ী ঠিকানার এলাকার সিটি কর্পোরেশন মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসে।
নোটিশটি সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়রের নিকট পৌঁছানোর দিন থেকে পরবর্তী ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ে কোনো আপস-মীমাংসা না হলে ৯০ দিন পার হওয়ার পর তালাকটি চূড়ান্তভাবে কার্যকর (Effective) হবে।
তালাক কার্যকর হওয়ার পর আপনার প্রতিনিধি বা পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহীতা [আইনজীবি] কাজী অফিসে গিয়ে সরকারি বালাম বইতে সই করবেন এবং তালাকটি রেজিস্ট্রি করবেন। এরপর কাজী অফিস থেকে আপনাকে তালাকের মূল সনদ (Divorce Certificate) বা 'নিকাহ রেজিষ্ট্রারের মূল কপি' প্রদান করা হবে।
সতর্কতা: আইন না জেনে বা ভুল প্রক্রিয়ায় তালাক দিলে ভবিষ্যতে আইনি জটিলতা বা দেনমোহর ও খোরপোশ সংক্রান্ত মামলায় বিপদে পড়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় বিশেষজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।