03/09/2026
আইন হাতে নেওয়া কি সবসময়ই অপরাধ?
আমরা সবাই জানি আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। অপরাধের বিচার করার এখতিয়ার কেবল আদালত ও রাষ্ট্রের। তবে পেনাল কোডের (Penal Code, 1860) বিধান অনুযায়ী এমন কিছু বিশেষ পরিস্থিতি রয়েছে, যেখানে নিজের বা অপরের জীবন ও সম্পত্তি রক্ষায় পদক্ষেপ নেওয়া সম্পূর্ণ বৈধ এবং তা কোনো অপরাধ বলে গণ্য হয় না।
পেনাল কোডের ৯৬ থেকে ১০৬ ধারায় ‘আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার’ (Right of Private Defence) নিয়ে বলা হয়েছে।
গুরুত্বপূর্ণ ধারাগুলো একনজরে:
ধারা ৯৬ (মূল নীতি): আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কৃত কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য হবে না।
ধারা ৯৭ (জীবন ও সম্পত্তি রক্ষা): নিজের কিংবা অন্য যেকোনো ব্যক্তির জীবন ও সম্পত্তি (যেমন—চুরি, ডাকাতি বা ক্ষতির হাত থেকে) রক্ষা করার অধিকার সবার রয়েছে।
ধারা ৯৯ (অধিকারের সীমা): আত্মরক্ষার নামে প্রদেয় প্রতিরোধের মাত্রা কখনোই ক্ষতির চেয়ে বেশি হওয়া যাবে না। এছাড়া কর্তৃপক্ষের সাহায্য নেওয়ার সুযোগ থাকলে এই অধিকার প্রয়োগ করা যাবে না।
ধারা ১০০ (কখন অপরাধীর মৃত্যু ঘটানো যায় - দেহ রক্ষায়): প্রাণনাশের আশঙ্কা, গুরুতর জখম, ধর্ষণ বা অপহরণের মতো মারাত্মক অপরাধের মুখোমুখি হলে আত্মরক্ষার্থে আক্রমণকারীর মৃত্যু ঘটানো হলেও তা অপরাধ নয়।
ধারা ১০৩ (কখন অপরাধীর মৃত্যু ঘটানো যায় - সম্পত্তি রক্ষায়): রাত্রীকালীন গৃহপ্রবেশ (Night house-breaking), ডাকাতি, অগ্নিসংযোগ বা এমন চুরি/ক্ষতি যাতে মৃত্যুর আশঙ্কা থাকে—এসব ক্ষেত্রে সম্পত্তি রক্ষায় অপরাধীর মৃত্যু ঘটানো আইনসিদ্ধ।
একটি গুরুত্বপূর্ণ শর্ত:
আত্মরক্ষার অধিকার কোনো ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ নয়। পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়ার মতো সময় ও সুযোগ না থাকলে এবং তাৎক্ষণিক প্রতিরোধ না গড়লে অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেই কেবল এই অধিকার কার্যকর হয়।
আইন জানুন, সচেতন থাকুন এবং নিজের ও অপরের অধিকার রক্ষা করুন!