24/11/2024
মাত্র ৯০ দিনের মধ্যে অবৈধভাবে দখলচ্যুত জমির দখল পুনরুদ্ধারে করণীয়: (প্রথম আলোচনা পর)
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ কে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সাম্প্রতিককালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪ প্রণয়ন করা হয়েছে।
উক্ত বিধিমালার ৬ নম্বর বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট দখলচ্যুত জমির দখল পুনরুদ্ধারের আবেদন করতে হবে। এই ৬ নম্বর বিধিতে বলা আছে, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি ও নিষ্পত্তি সম্পর্কে।
✓৬ নম্বর বিধির প্রথম উপ-বিধিতে বলা হয়েছে,
কাউকে দখলীয় ভূমি থেকে অবৈধভাবে দখলচ্যুত করা হলে নির্দিষ্ট ফর্ম(পরিশিষ্ট-৫) এর মাধ্যমে এতদুদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে। সাথে মালিকানা প্রমাণের দলিলাদি জমা দিতে হবে।
✓দ্বিতীয় উপ-বিধিতে বলা হয়েছে,
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দাখিলকৃত দলিলাদি যাচাই-বাছাই করে সিলমোহর ও স্বাক্ষর প্রদান করিবেন এবং আবেদনের একটি কপিতে প্রাপ্তি স্বীকার করিয়া আবেদনকারীকে দিবেন।
✓চতুর্থ উপ-বিধিতে বলা হয়েছে,
আবেদনকারী কর্তৃক জমা দেওয়া আবেদন ও দলিলাদি যথাযথ বিবেচিত হলে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অবৈধভাবে ভূমি দখল করা ব্যক্তি কে ১৫ দিনের মধ্যে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দিবেন এবং উপযুক্ত তদন্তকারী কর্মকর্তা কে ১৫ দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে, প্রতিবেদন দাখিলের আদেশ দিবেন।
এরপর তদন্ত রিপোর্ট, অবৈধভাবে দখল কারী ব্যক্তির বক্তব্য, আবেদনকারীর বক্তব্য ও প্রমাণাদি ইত্যাদি বিবেচনায় শুনানি হবে।
✓এই বিধিমালার ষষ্ঠ বিধির নবম উপ-বিধিতে বলা হয়েছে,
গৃহীত সাক্ষ্য, শুনানি ও উভয়পক্ষের দাখিলকৃত দলিলাদি এবং তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনা করে যদি প্রমাণিত হয়, ঐ জমি/ভূমি আবেদনকারীর দখলীয় ভূমি এবং তাকে অবৈধভাবে দখলচ্যুত করা হয়েছে, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট ফর্ম (পরিশিষ্ট-৭) এর মাধ্যমে আবেদনকারীকে উক্ত ভূমির দখল পুনরুদ্ধারের আদেশ প্রদান করিবেন।
✓ত্রয়োদশ উপ-বিধিতে বলা হয়েছে,
দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রয়োজনে, অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ, জব্দ, ক্রোক, ক্রোককৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ, বাজেয়াপ্ত বা বিলি-বন্টন করতে পারবেন।
✓এই বিধিমালার সপ্তম বিধিতে বলা আছে,
নালিশী ভূমির দখল পুনরুদ্ধার করার জন্য প্রতিপক্ষ আদেশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে দখল হস্তান্তর না করলে,
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দখল পুনরুদ্ধার করতে পারবেন।
দখল পুনরুদ্ধার করে, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা দখল হস্তান্তরনামা প্রস্তুত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন এবং উহার এক কপি আবেদনকারীকে প্রদান করবেন।
✓এই বিধিতে আরো বলা হয়েছে,
অবৈধভাবে ভূমি দখলকারী ব্যক্তি দখল পুনরুদ্ধারে বাধা দিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে মোবাইল কোর্ট/ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।
আজ এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবেদন ফর্ম অর্থাৎ, পরিশিষ্ট-৫ এবং আবেদনের সাথে কি কি দলিলাদি দাখিল করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করবো।
মো: আব্দুল মাজেদ শাকিল,
শিক্ষার্থী (৪র্থ বর্ষ)
আইন বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
#জমির_দখল_পুনরুদ্ধার
#ভূমির_দখল_পুনরুদ্ধার