16/08/2026
একটি মন খুশী করা হাদিস,
নবীজি (সাঃ) বসে আছেন। সাহাবাগণ চুপচাপ তার আলোচনা শুনছেন। এক সময় নবীজির চেহারা উজ্জ্বল হয়ে উঠলো। তিনি বললেন, আমি জানি কে সবার আগে জান্নাতে যাবে। এবং আমি এও জানি, জান্নাতে সর্বশেষ কে প্রবেশ করবে।
সাহাবাগণ উৎসুক হয়ে আছেন। কেউ সামান্য নড়াচড়া করছেন না। যেন একটু নড়ে উঠলেই কথার স্রোত বদলে যাবে! নবীজি (সাঃ) সবার দিকে এক নজর তাকিয়ে বললেন,
সর্বশেষ যে জান্নাতে যাবে, তাকে ডাকা হবে। তার সামনে কেবল তার ছোট ছোট পাপগুলো তুলে ধরা হবে। বলা হবে, তুমি কি অমুক দিন অমুক স্থানে এই এই পাপগুলো করোনি? সে মাথা নুয়ে ফেলবে। স্বীকার করবে। কিন্তু তার বড় বড় পাপগুলো তখনো আল্লাহ আড়ালে রেখেছেন। সেগুলো নিয়ে সে শঙ্কিত। পেরেশান। এত ছোট ছোট পাপও যদি আল্লাহ ধরেন, তাহলে বড়গুলো তো এখনো বাকি! কিন্তু আল্লাহ খুব দয়ালু। বড় ক্ষমাশীল। তিনি ফেরেশতাদের বলবেন, তোমরা তার এই পাপগুলো নেকিতে বদলে দাও। এবার বান্দা খুশিতে আটখানা হয়ে বলবে, ওগো আল্লাহ! আমার তো বড় বড় অনেক পাপ ছিলো। অগুলোরে যে এখানে দেখতেছি না।
তার এই কথা শুনে আল্লাহ হেসে ফেলবেন। রাসূলও হেসে ফেলেন। সাথে সকল সাহাবাও...
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসনাদে আহমাদঃ ২১৪৩০, শামায়েলঃ ১৭১