06/12/2024
রুলার সম্মানিত সদস্য আমার আত্মার আত্মীয় ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ।
আমি মাহফুজ বিন ইউসুফ, রুলা সম্মেলন ২০২৪ এ সাধারণ সম্পাদক পদে ১ নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।
আমি ১৯৮০ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বরুমছড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল হতে ১৯৯৬ সালে এস.এস.সি. এবং রাইফেলস পাবলিক কলেজ হতে ১৯৯৮ সালে এইচ.এস.সি. পাশ করি। পরবর্তীতে ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আইন ও বিচার বিভাগ হতে এলএল.বি. অনার্স এবং ২০০৪ সালে এলএল.এম. ডিগ্রি অর্জন করি।
এরপর ২০০৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলে এডভোকেট হিসেবে তালিকাভুক্ত হই। ২০০৭ সালে আমি মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করি।
উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে আমি সদস্য এবং ২০২২ সালে সহ সম্পাদক পদে নির্বাচিত হয়ে আমার মেধা ও শ্রম দিয়ে সুপ্রীম কোর্ট বারে সক্রিয় ভুমিকা পালন করার চেষ্টা করেছি। বর্তমানে আমি ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছি।
আমি আমার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের একজন সদস্য, এবং ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "রুলা"র নির্বাচিত "দপ্তর সম্পাদক" হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছি। ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতির প্রচার সম্পাদকের দায়িত্বও আমি সুনামের সাথে পালন করেছি। পাশাপাশি নিবন্ধিত সেবামূলক সংস্থা OrphansBD Foundation এর আমি একজন উদ্যোক্তা। এতিম ও অসহায় শিশুদের লেখাপড়ায় আমরা সাধ্যমতো সহায়তা প্রদান করি। ঢাকার কচুক্ষেত বাজারের কাছে "নয়নতারা" নামে আমাদের একটি অনানুষ্ঠানিক স্কুল আছে যেখানে বাজারের মুটে বালকরা দুপুরের অবসর সময়ে লেখাপড়া শেখে, একসাথে খাবার খায়।
আমি স্বপ্ন দেখি রুলা হবে বিশ্বমানের একটি এলামনাই।আমাদের ছাত্র, শিক্ষক, আইনজীবী ও কর্পোরেট এলামনাসদের আন্তঃযোগাযোগ আরো কার্যকর হবে। আমাদের একটা স্থায়ী কার্যালয় হবে যেটা আমাদের ‘মতিহারের বাইরে মতিহার' হবে।
আমাদের সিনিয়র আইনজীবীগণ ক্যাম্পাসে যাবেন অভিজ্ঞতা বিনিময়ে আর এল এল এম পর্যায়ের ছাত্রছাত্রীরা কোর্ট ভিজিট করবে নিয়মিত। রুলা একটা স্মার্ট ডাইরেক্টরি থাকবে যেখানে সব প্রাক্তনের নাম প্রতিষ্ঠান বা যোগাযোগের হদিস থাকবে বিস্তারিত।
আমি স্বপ্ন দেখি প্রতিবছর এনুয়েল ডিনার লেকচারের আয়োজন করবে রুলা। রুলা আমাদের পেশাগত ও বুদ্ধিবৃত্তিক চর্চায় শানিত একটা এলামনাই হবে যেখান থেকে একটা ল জার্নাল প্রকাশিত হবে নিয়মিত।
রুলার প্রাণপ্রিয় সদস্যগণের দোয়া, সার্বিক সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করছি। সাধারণ সম্পাদক পদে আমার ব্যালট নং ১।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ্য রাখুক, আমিন।
ধন্যবাদান্তে,
মাহফুজ বিন ইউসুফ
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
(এল. এল. বি অনার্স ২০০৩ ব্যাচ), রাবি